রবিবার ১৮ অক্টোবর, ২০২৬

উদ্ধার গরু, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১৭ অক্টোবর, ২০২৬ ৭:০৪:১৪

মোঃ সুজন মাহমুদ

স্টাফ রিপোর্টার, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়া (কালাচান পাড়া) গ্রামে গরু চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের পর একই রাতে জাকিরের বসতবাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকির ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজিয়া বেগম। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মৌডুবী বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে রাজিয়া বেগমের একটি গাভি চুরি হয়। পরে রাত আনুমানিক ১১টার দিকে জাকিরের বসতবাড়িতে গরুটি পাওয়া যায়। এ সময় জাকির উপস্থিত ব্যক্তিদের জানান, তিনি জামাল বিশ্বাসের কাছ থেকে ৪৫ হাজার টাকায় গরুটি কিনেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাজিয়া বেগম থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগ দেওয়ার পর সন্ধ্যায় মৌডুবী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিছিল থেকে ‘বিচার চাই, বিচার চাই, গরু চোরের বিচার চাই’ এবং ‘গরু চোরের ঠিকানা মৌডুবীতে হবে না’ স্লোগান দেওয়া হয়। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি, গত ১৫ দিনে ওই এলাকায় রেজাউল হাওলাদারের দুটি, ইদ্রিসের দুটি এবং মিজানুর হাওলাদারের তিনটি গরু চুরি হয়েছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা গরু চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

ভুক্তভোগী রাজিয়া বেগম বলেন, “মাগরিবের নামাজের পর আমার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ না পেয়ে বাড়িতে ফিরে গরু দেখতে গেলে সেটি পাওয়া যায়নি। পরে ডাক-চিৎকার শুরু করলে আমরা সবাই বেরিয়ে আসি।” তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

রাজিয়া বেগমের মেয়ে সাথী আক্তার বলেন, “গরু চুরি হওয়ার পর আমি, আমার মা ও ভাই মিলে পাশের বিলে গরু খুঁজতে যাই। সেখানে জামাল বিশ্বাসের সঙ্গে দেখা হয়। তখন তাঁর পরনের কাপড় ভেজা ছিল। তাঁকে আমাদের সঙ্গে গরু খুঁজতে বললে তিনি তাড়াহুড়া করে চলে যান।”

 

অভিযুক্ত জাকিরের দাবি, জামাল বিশ্বাস তাঁর কাছে গরুটির দাম ৫০ হাজার টাকা চেয়েছিলেন। পরে ৪৫ হাজার টাকায় কেনার বিষয়ে সমঝোতা হলে তিনি জামালকে পাঁচ হাজার টাকা অগ্রিম দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা বলেন। এরপর জামাল গরুটি দিলে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে আসেন বলে জানান জাকির।

 

তবে গরু বিক্রির অভিযোগ অস্বীকার করে জামাল বিশ্বাস বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। আমি তাঁর কাছে কোনো গরু বিক্রি করিনি।”

 

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “অভিযোগের তদন্তে আমাদের এসআই দিলীপ কুমার ঘটনাস্থলে গেছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না।”

 

পুলিশের তদন্ত শেষে গরু চুরির অভিযোগের প্রকৃত ঘটনা জানা যাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD